মাইগ্রেশন ও পাসপোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটি’ (এমপিআরইউ)। সংগঠনটির আগামী দুই বছরের (২০২৭-২৮) জন্য চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ আরিফ সভাপতি এবং দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার গোলাম মুর্শেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার রাজধানীর কারওয়ানবাজারের একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এই নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সময়ের আলোর আদিল সরকার। এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে দৈনিক জনকণ্ঠের মির্জা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক এবং অফিস সম্পাদক হিসেবে দেশ টিভির শাহাদাত হোসাইন নিশাদ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন— প্রকাশনা সম্পাদক পদে সময় টেলিভিশনের স্বপন আহমেদ, আইটি সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে এনপিবির মো. আব্দুল্লাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোর টিভির মাসুদ সুমন, আন্তর্জাতিক সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের মো. মিসবা হাছান এবং সমাজকল্যাণ সম্পাদক পদে ডিবিসি নিউজের রাকিব হোসেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে দৈনিক কালের কণ্ঠের আব্দুল্লাহ আল মিরাজ ও বেঙ্গল লেন্সের আবু বক্কার সিদ্দিককে।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা অভিবাসন ও পাসপোর্ট খাতের নানা অনিয়ম তুলে ধরে বলেন, এই খাতে নাগরিকদের হয়রানি, দালালের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ আদায় এবং দুর্নীতির তথ্য-প্রমাণ অনুসন্ধান করে তা জনসম্মুখে তুলে ধরাই হবে এই সংগঠনের অন্যতম প্রধান কাজ। পাশাপাশি এই বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা।
নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ আরিফ বলেন, পাসপোর্ট প্রতিটি নাগরিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরিচয়পত্র। অথচ এই সেবা গ্রহণ করতে গিয়ে সাধারণ মানুষকে প্রায়ই বিভিন্ন ধরনের হয়রানি ও জটিলতার মুখোমুখি হতে হয়।






















