রাজধানীর গুলিস্তানে পতিত স্বৈরাচারের অন্যতম সহযোগী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) প্রধান কার্যালয় থেকে গোপন বৈঠক চলাকালীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২৬০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘জয় বাংলা’ স্লোগান শুনতে পেয়ে আশপাশের ব্যবসায়ী ও হকাররা কার্যালয়টি ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে সেখান থেকে তাদের আটক করে। এরপর তাদের পল্টন ও শাহবাগ থানায় নেওয়া হয়।
এ খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে জড়ো হন। তারা ভবনটি ঘিরে রাখেন এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে লোকজনের ভিড়ের কারণে এক পাশের সড়ক বন্ধ করে দেয় পুলিশ।
ঘটনাস্থল থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যও আটক হন। জাসদের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে। পুলিশ যখন তাকে গাড়িতে তুলে নিয়ে যায়, তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন—কেন তিনি এমন সভায় এসেছেন। এর কোনো যৌক্তিক উত্তর দিতে পারেননি তিনি। তবে আটক অবস্থায় ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সূর্য দাবি করেন, তিনি সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টা থেকে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ের ৩৫ নম্বর ভবনের (হোটেল গ্যানিস ইন্টারন্যাশনাল) দ্বিতীয় তলায় কর্নেল তাহের মিলনায়তনে জাসদের কার্যালয়ে বিভিন্ন সারির নেতাকর্মীরা আসতে শুরু করেন। তারা কেউ একসঙ্গে সেখানে যাননি। তারা দু-তিনজন করে সেখানে জড়ো হন। তাদের কেউ কেউ পাশের বিভিন্ন হোটেলে খাবারও খান। বেলা সাড়ে ১১টার দিকে ওই কার্যালয়ে সভা শুরু হয়।
সেখান থেকে ‘জয় বাংলা’ স্লোগান শুনতে পান স্থানীয় হকার ও ব্যবসায়ীরা। পরে তারা ওই ভবনের দ্বিতীয় তলায় গেলে ভেতর থেকে দরজা লাগানো হয়। বারবার নক করা হলেও তারা দরজা খোলেননি। একপর্যায়ে তারা দরজা খুললে চার শতাধিক মানুষকে সেখানে দেখে সবাই চমকে যান। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। এর মধ্যে তাদের কেউ কেউ সিঁড়ি দিয়ে নেমে চলে যান। পরে বিক্ষুব্ধ লোকজন বাইরে থেকে কলাপসিবল গেট বন্ধ করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ পুরো ভবন ঘেরাও করে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করে পাঁচটি প্রিজনভ্যানে থানায় নিয়ে যায়।


























