মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের কৌশলগত অবস্থান এক নজিরবিহীন ও সর্বনিম্ন স্তরে গিয়ে ঠেকেছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজের এক সম্পাদকীয়তে এই দাবি করা হয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিতর্কিত নীতিমালার কারণে দীর্ঘদিনের এই কৌশলগত মিত্রতার সম্পর্ক বড় ধরনের সংকটের মুখে পড়েছে।
পত্রিকাটির মতে, নেতানিয়াহু মার্কিন রাজনীতিতে পক্ষপাতমূলক হস্তক্ষেপ এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার সতর্কবার্তা বরাবরই উপেক্ষা করে এসেছেন। বিশেষ করে বর্তমান প্রশাসনের বিভিন্ন উগ্র ও বিতর্কিত পদক্ষেপের ফলে খোদ মার্কিন নীতিনির্ধারক ও সাধারণ নাগরিকদের মধ্যেও ইসরায়েলবিরোধী মনোভাব বাড়ছে।
গাজা ও পশ্চিম তীর সংঘাত এবং আঞ্চলিক নানা উত্তেজনার জেরে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল এখন আরও বেশি কোণঠাসা হয়ে পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতেও দেশটির প্রতি তরুণ প্রজন্মের ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের ধস নেমেছে বলে জানিয়েছে পত্রিকাটি।























