জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত মিশনে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ়করণ এবং জনশক্তি খাত নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও কথা বলেন তারা।
প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বৈঠকে উভয় পক্ষই আগামী দিনে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও প্রসারিত করার আগ্রহ প্রকাশ করে।






















