হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কাতারের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে প্রণালিটিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
প্রস্তাবটিতে আঞ্চলিক সংঘাত বন্ধ, ইরানের জব্দ করা অন্তত ১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়, তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
জাতিসংঘে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, পরিকল্পনার প্রাথমিক পদক্ষেপগুলো বাস্তবায়নে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘সপ্তম দিনে চূড়ান্ত চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হবে।’ এক্ষেত্রে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টিও আলোচনায় আসবে বলে জানান তিনি।
আরাগচি জোর দিয়ে বলেন, ‘এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে। ইরান কোনো ধরনের জবরদস্তি, হুমকি বা ভয়ভীতি মেনে নেবে না। চাপের মুখে ইরান তার সার্বভৌম অধিকার ছাড়বে না।’
তবে ইরানের এই প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে প্রণালিটি বৃত্ত দিয়ে চিহ্নিত করে ‘ট্রাম্প প্রণালি’ লেখা হয়েছে।























