সাইবার অপরাধ দমনে পুলিশের জন্য একটি নতুন এবং স্বতন্ত্র সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে এই ইউনিট গঠন করা হবে এবং একজন অ্যাডিশনাল আইজিপির (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) নেতৃত্বে এটি পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এই পদ না থাকলে তা নতুন করে তৈরি করা হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
গতকাল শনিবার দুপুরে রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, নতুন এই সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা দেশের সমস্ত মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে থাকবে। থানা ও জেলা পর্যায়ে আধুনিক যন্ত্রপাতি থাকবে এবং বড় আকারের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সাপোর্ট হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে স্থাপন করা হবে।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, ‘পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদদের সঙ্গে এখনো যোগাযোগ রাখছেন। নানা ধরনের তথ্য দিচ্ছেন। শৃঙ্খলা না মানলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কঠোর হস্তে দমনের হুঁশিয়ারিও দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, তারা বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দেয়। যদি তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে তাদের কঠোর হস্তে দমনে করা হবে। এছাড়া যারা ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।
সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রবণতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে, সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা চরিত্র। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত ক্রাইম হচ্ছে এই সাইবার বা স্ক্যাম ভিত্তিক। সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’






















