প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু চিরতরে বন্ধ করতে বিশ্বজুড়ে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৭-এ আয়োজিত সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
‘অঙ্গীকার থেকে কার্যকর পদক্ষেপ: প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু বন্ধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবার (মিডওয়াইফারি) সমন্বয়’ শীর্ষক এই আন্তর্জাতিক ফোরামে বিশ্বনেতা ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান গুরুত্ব পায় প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রশিক্ষিত ও দক্ষ মিডওয়াইফদের পূর্ণাঙ্গ সমন্বয়, মাঠপর্যায়ে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
আলোচনায় গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার সুফল পৌঁছে দেওয়ার পাশাপাশি মাতৃ ও নবজাতকের নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের সার্বিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। এছাড়া প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর যৌথ উদ্যোগ গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক সভা-সেমিনারের সিদ্ধান্ত ও প্রতিশ্রুতিগুলো যেন কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে দৃশ্যমান পদক্ষেপে রূপান্তরিত হয়, তা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।






















