কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রায় ৬০ হাজার শলাকা নামিদামি ব্র্যান্ডের অবৈধ ও নকল সিগারেটসহ জেনিথ সরকার (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার দুপুরে উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বিষ্ণুপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক জেনিথ সরকার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঁওয়াচাইল এলাকার কাউছার আলমের ছেলে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জেনিথ সরকারকে আটক করা হয়। এ সময় তার তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ প্যাকেট অর্থাৎ ৩০ হাজার শলাকা সিগারেট এবং অতিরিক্ত এক কার্টনসহ মোট প্রায় ৬০ হাজার শলাকা নামিদামি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ ধারণা করছে যে, নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের নকল ও অবৈধ সিগারেট বাজারজাতকরণের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়ভাবে জড়িত রয়েছে। চক্রটি বিভিন্ন গোপন রুট ব্যবহার করে এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। আটক জেনিথ সরকারের সঙ্গে এই চক্রের অন্য কোনো সদস্য জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

























