রাজধানীর রাজারবাগ এলাকায় রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করতে এবং ডেঙ্গু সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার সম্ভাব্য উপস্থিতি পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার সকালে মোমিনবাগ গলিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অভিযান চলাকালে রাস্তায় জমে থাকা পানি অপসারণের পাশাপাশি আশেপাশের এলাকার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এ সময় এডিস মশার প্রজননস্থলগুলো চিহ্নিত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে জমে থাকা পানির বিষয়টি ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভবনটির মালিক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভবিষ্যতে এ ধরনের অবহেলা না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
পরিদর্শন শেষে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার রাখার এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, রাস্তা, ফুটপাত কিংবা সাধারণ মানুষের চলাচলের পথ দখল করে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী স্থাপনা গড়ে তোলা গ্রহণযোগ্য নয়। নগরবাসীর চলাফেরা নির্বিঘ্ন রাখতে এই ধরনের দখল উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নগরীর রাস্তাঘাট দখলমুক্ত রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে ডিএসসিসির এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।






















