কুমিল্লার বুড়িচং উপজেলার ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের বিরুদ্ধে গুরুতর অনৈতিক ও অশালীন আচরণের অভিযোগ তুলেছেন ওই বিদ্যালয়ের পাঁচ সহকারী শিক্ষক। প্রধান শিক্ষকের এমন আচরণের কারণে চরম নিরাপত্তাহীনতা ও পেশাগত অস্বস্তির কথা উল্লেখ করে তারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিতভাবে অন্যত্র বদলির আবেদন করেছেন।
বুধবার বুড়িচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকরা এই লিখিত স্মারকলিপি জমা দেন। আবেদনকারী পাঁচ শিক্ষক হলেন—অনামিকা রানী ভৌমিক, মাহামুদা আখতার, নুরুন্নাহার, কানিজ ফাতেমা ও মারজাহান আক্তার।
শিক্ষকদের দাখিল করা আবেদনে বলা হয়, অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগদানের পর থেকে একাধিকবার বিভিন্ন অনৈতিক ও আপত্তিকর কার্যক্রমে জড়িয়ে পড়েছেন, যা বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান শিক্ষকের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষকরা চরম লজ্জা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এমন একজন ব্যক্তির অধীনে শিক্ষকতা চালিয়ে যাওয়া তাদের পেশাগত মর্যাদার সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তারা দ্রুত বদলি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
স্থানীয় সূত্রের দাবি, গত ১৯ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে এক নারীসহ প্রধান শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জনতা বিষয়টি ভিডিও ধারণ করেন। যদিও প্রধান শিক্ষক রুহুল আমিন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।






















