রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী এবং নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতা শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার বিকেলে মোহাম্মদপুর থানার ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে, অপর এক অভিযানে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।






















