জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে সিরিয়ার ওপর ইসরাইলি বাহিনীর অব্যাহত সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি অভিযোগ করেন, সিরিয়ার ভূখণ্ডে ইসরাইল প্রায় ৫০০ বিমান হামলা চালিয়েছে এবং সহস্রাধিকবার সীমান্ত লঙ্ঘন করেছে।
ভাষণের শেষভাগে সিরিয়া পুনর্গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা পুনরুদ্ধারে নিজের সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন আল-শারা। তিনি সংকট উত্তরণে যেসব দেশ ও আন্তর্জাতিক সংস্থা দামেস্কের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইসরাইলি বাহিনীকে অবিলম্বে দখলকৃত ভূখণ্ড থেকে সরে যাওয়ার আহ্বান জানান।
প্রেসিডেন্ট আল-শারা স্পষ্ট করে বলেন, সিরিয়ার ভূখণ্ডে একতরফা কোনো পরিস্থিতি তৈরির অপচেষ্টা সহ্য করা হবে না। ন্যায়ভিত্তিক ও সকলের অধিকার নিশ্চিতকারী শান্তির পথেই কেবল স্থিতিশীলতা ফিরে আসতে পারে বলে উল্লেখ করেন তিনি।























