অনলাইনভিত্তিক প্রসাধনী সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান ‘কোরিয়ান মার্ট বাংলাদেশ’-এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। প্রতিষ্ঠানটির বিভিন্ন নথিপত্র, ল্যাপটপ এবং সফটওয়্যার ব্যবস্থা পর্যালোচনা করে এই অনিয়ম ধরা পড়ে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী বিভাগীয় দপ্তরের একটি দল কোরিয়ান মার্টে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করে তা জব্দ করা হয়।
জব্দকৃত দলিলাদি যাচাই-বাছাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটি নিয়মনীতি উপেক্ষা করে ৪৬ কোটি টাকার বেশি মূল্যের পণ্য বিক্রি করেছে। এর বিপরীতে প্রদেয় মূসক বা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। ভ্যাট ফাঁকির এই ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।


























