দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বুধবার বিকেলে জেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক এবং আনোয়ার পাটোয়ারী।
অন্যান্য বক্তাদের মধ্যে জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ, সাইফুল ইসলাম জিকু এবং দপ্তর সম্পাদক আরিফুল হক সুমন উপস্থিত ছিলেন।
গাজী হাবিবুল্লাহ মানিক তার বক্তব্যে বলেন, ফেনীতে কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না। পরিকল্পিত সন্ত্রাস বা দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল কঠোর অবস্থান নেবে। তিনি আরও যোগ করেন যে, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে এবং দেশে যেন ফ্যাসিস্ট শক্তি আর কখনো ফিরে আসতে না পারে, সেজন্য ছাত্রসমাজকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।






















