সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জন এবং হামের উপসর্গে ১১ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৬৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ১ হাজার ১৫৭ জনের দেহে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রকাশিত আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মোট ৯৭৫ জন শিশুর মৃত্যু হলো। তবে এই নির্দিষ্ট সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মোট ১০১ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১১৩ জন নিশ্চিত হাম রোগী এবং ১ হাজার ১৫৭ জন উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছেন। ফলে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে এবং মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হন, যাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৫ লাখ ৬১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
অন্যদিকে, দেশে ডেঙ্গু পরিস্থিতির খবরে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে মোট মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে পৌঁছেছে। ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৬২ হাজার ১১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


























