দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী—ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে।
এসব অঞ্চলে ঝোড়ো বাতাসের কারণে নৌপথের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হওয়ার ঝুঁকি থাকায় দুর্ঘটনা এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত প্রদর্শন করার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ।


























