আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী রিহ্যাব সভাপতি মো. আলী আফজাল ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে চিহ্নিত হয়েছেন। ফলে ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’-এর বিধান অনুযায়ী তার সভাপতি পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত কার্যকর করে রিহ্যাবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে যাতে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হতে পারে।






















