বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের আঘাতে ডুবে গেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, এখনও দুজন নিখোঁজ রয়েছেন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার সন্ধ্যা ৬টায় এই তথ্য নিশ্চিত করেন। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ৬ জন তালতলী উপজেলার, ৪ জন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার এবং ১ জন খুলনা জেলার বাসিন্দা। নিখোঁজ জেলেরা হলেন- তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মনির হোসেনের ছেলে মো. রাকিব (১৯) এবং নিশানবাড়িয়া ইউনিয়নের হরমুজ আলী হাওলাদারের ছেলে মো. নবী হোসেন হাওলাদার (৪৫)।
জানা গেছে, তালতলী উপজেলার আল-আমীন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ট্রলারটি গত শনিবার রাতে ১৩ জন জেলে নিয়ে মাছ শিকারে গিয়েছিল। সোমবার সাগর উত্তাল হয়ে উঠলে জেলেরা উপকূলে ফিরতে শুরু করেন। মঙ্গলবার সকালে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। দুর্ঘটনার পর সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য একটি মাছ ধরার ট্রলার এগিয়ে এসে ১১ জেলেকে উদ্ধার করে উপকূলে পৌঁছে দেয়। তবে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় নিখোঁজ দুই জেলেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।






















