যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, জোরদার ও বহুমাত্রিক রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন দুই দেশের শীর্ষ নেতারা। দ্বিপক্ষীয় পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগসহ নানা গুরুত্বপূর্ণ খাতে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ ও গতিশীল করার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া বৈঠকের আলোচনাকালে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও কৌশলগত সমন্বয় অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।






















