জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে প্রচার করার অভিযোগ তুলে বিএনপির তীব্র সমালোচনা করেছে দলটি। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও সদস্য সচিব আখতার হোসেন এমপি এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী মূলত ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলেছিলেন। অথচ বিএনপি ও তাদের সমর্থকরা নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক ফায়দা লুটতে সেই বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত করে প্রচার করছে।
এনসিপি নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড ও ককটেল বিস্ফোরণ দমনে বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। নিজেদের এই অক্ষমতা আড়াল করতেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের ওপর দায় চাপানোর অপকৌশল নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ধরনের অপপ্রচার চালিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা যাবে না। জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। একইসাথে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের নাশকতা কঠোরভাবে দমনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।


























