সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে সৌদি দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান এমপি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে অভিনন্দন জানিয়ে একটি বিশেষ বার্তা বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর কাছে হস্তান্তর করেন। পত্রে তিনি সৌদি রাজপরিবার, সরকার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিরোধীদলীয় নেতা তার বার্তায় পবিত্র হারামাইন শরিফাইন তথা মক্কা ও মদিনার সেবা এবং বিশ্বজুড়ে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য সৌদি সরকারের চমৎকার ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক কেবল কূটনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং এটি ধর্মীয় ও সাংস্কৃতিক ভ্রাতৃত্বের এক সুদৃঢ় বন্ধন। সৌদি আরবে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করছে বলেও তিনি মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত দেশি-বিদেশি কূটনীতিক ও বিশিষ্টজনদের সাথে কুশল বিনিময় করেন ডা. শফিকুর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।






















