সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার সেনা সদর দপ্তরে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সাক্ষাতে অংশ নেন। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ভবিষ্যতে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠককালে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। এছাড়া তিনি ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) সঙ্গে অনুষ্ঠিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ শীর্ষক যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, অসামান্য শৃঙ্খলা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
এদিকে, সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাপ্রধান চার দিনের সরকারি সফর শেষে গত রোববার রাতে জাপান থেকে দেশে ফিরেছেন। সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে বাংলাদেশি অ্যাথলেটদের উৎসাহিত করেন। পাশাপাশি, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন তিনি।


























