সিলেট বিভাগে হামের সংক্রমণ কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং বিভাগের অন্যান্য হাসপাতালে আরও ৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত সন্দেহে মোট ১ হাজার ৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা দুই শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের একজনের বয়স ৭ মাস এবং অন্যজনের বয়স ২ বছর ২ মাস। তারা উভয়েই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


























