রাজধানীর ওয়ারী এলাকার জয়কালী মন্দির এলাকায় ব্যাটারিচালিত রিকশা ভ্যান উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, দ্রুতগতিতে ভ্যান চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভ্যানটি উল্টে যায় এবং রফিকুল ইসলাম এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি রাজধানীর মগবাজার আমতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।






















