রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। এতে ডিএসসিসির রাজস্ব ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।
অভিযান চলাকালে ফুটপাতের দুই পাশের সব ধরনের ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পাশাপাশি সড়কের পাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড কর পরিশোধের নথি এবং ফুটপাতে অবৈধভাবে মালামাল রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এসি থেকে ফুটপাতে পানি ফেলে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি এবং এডিস মশার বংশবিস্তারের ঝুঁকি তৈরি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানে ভুয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন ও সিটি করপোরেশনের আইন লঙ্ঘনের অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।






















