রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ওপর রেলওয়ে কর্মচারীদের হামলার ঘটনার জেরে রাজশাহী রেলস্টেশনে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল থেকে ট্রেন চলাচল ও স্টেশনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় সচল হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্টেশনমাস্টারের তথ্যমতে, সোমবার সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে রাতে ‘মধুমতি এক্সপ্রেস’ দেরিতে পৌঁছানোর কারণে কিছু ট্রেনের যাত্রায় সাময়িক বিলম্ব হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
উল্লেখ্য, রোববার রাতে চাচাকে এগিয়ে দিতে গিয়ে রেলওয়ে স্টাফদের হাতে হামলার শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন এবং স্টেশনে ভাঙচুর চালান। রাতভর অচলাবস্থার পর সোমবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়।






















