দেশে ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি সফলভাবে মোকাবিলা করার লক্ষে আগাম প্রস্তুতি জোরদার করা, ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত চিহ্নিত করা এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসন শিপলু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানী ঢাকাসহ সারা দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোতে জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে পুরোনো ও ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া, ভবন নির্মাণকালে জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে মেনে চলা এবং যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক উদ্ধারকাজ পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন যে, প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবামূলক সংস্থার মধ্যে নিখুঁত সমন্বয় অপরিহার্য। হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার সরঞ্জাম ও জনবল বাড়ানো এবং দেশব্যাপী জনসচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন সরকারপ্রধান। সভায় সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।






















