পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও অসন্তোষের পেছনে কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। এর সঙ্গে ফ্যাসিস্ট সরকারের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাকশিল্পের কিছু মালিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারখানা বন্ধ রেখে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীদের সম্পৃক্ততার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারখানা বন্ধের নেপথ্যে থাকা মালিকদের তালিকা চাওয়া হয়েছে এবং শ্রমিকদের উসকানিদাতা নেতাদেরও চিহ্নিত করার কাজ চলছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে সরকার। পুলিশ সদর দপ্তরে একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপনের পাশাপাশি সুরক্ষা অ্যাপের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, জনস্বার্থবিরোধী ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, প্রকৃত শ্রমিকেরা এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন।






















