শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে পুঁজি করে কোনো মহলকে শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একটি চিহ্নিত চক্র শ্রমিকদের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করে নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
সোমবার নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া এক বাণীতে উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার শ্রমিকবান্ধব বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু পতিত স্বৈরাচারের দোসর ও পলাতক অপশক্তি এই শিল্প খাতকে অস্থিতিশীল করতে নানা ধরনের উসকানি দিয়ে চলেছে। কারখানায় হামলা বা ভাঙচুরের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড শেষ পর্যন্ত শ্রমিকদেরই ক্ষতিগ্রস্ত করবে বলে তিনি মন্তব্য করেন।


























