বাংলাদেশের পণ্য রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটির বাজার থেকে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৩৫ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৩০০ কোটি ডলার, যা শতাংশের হিসেবে ১১ দশমিক ৫১ শতাংশ বেশি। দেশের সার্বিক রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় মার্কিন বাজারে প্রবৃদ্ধির এই হার বেশ লক্ষণীয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আলোচ্য চার মাসে দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৭০৯ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮৮ শতাংশ বেশি। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের বাজার থেকেই এসেছে মোট রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশ।
বিশ্ব অর্থনীতির নানা অনিশ্চয়তা, ভোক্তা চাহিদার পরিবর্তন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মধ্যেও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ বাসসকে জানান, যুক্তরাষ্ট্রের বাজারে এই প্রবৃদ্ধি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ার স্পষ্ট প্রমাণ।
তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখেও সময়মতো পণ্য সরবরাহ, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকেরা বিদেশি ক্রেতাদের আস্থা ধরে রেখেছেন। প্রচলিত এই বড় বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ নতুন ও বিকল্প গন্তব্যেও বাংলাদেশের রপ্তানি ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে।


























