সর্বজনীন পেনশন স্কিমের আওতা আরও বাড়ানোর লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সহযোগিতা চেয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম ও উপকারভোগীদের সঙ্গে যোগাযোগব্যবস্থাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন এমআরএর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা নাগরিকদের দীর্ঘমেয়াদি আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার একটি যুগান্তকারী পদক্ষেপ। এনজিওগুলো প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করায় তাদের মাধ্যমে এই বার্তা খুব সহজেই তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব। তিনি এনজিওগুলোর নিজস্ব কর্মীদের পাশাপাশি উপকারভোগীদের এই স্কিমে যুক্ত করার আহ্বান জানান।
সভায় দেশের অর্ধশতাধিক বড় এনজিওর প্রতিনিধি ছাড়াও অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধনপ্রক্রিয়া ও মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের নানা দিক নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।


























