আসন্ন গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সংকট সহনীয় পর্যায়ে রাখতে সৌরবিদ্যুৎ থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন তথা ‘রুফটপ সোলার’ ব্যবস্থাকে সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হিসেবে দেখছে বিদ্যুৎ বিভাগ।
রাজধানীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বিগত গ্রীষ্মে সাধারণ মানুষকে যে বিদ্যুৎ ভোগান্তির শিকার হতে হয়েছে, আগামীতে তার পুনরাবৃত্তি রোধে সরকার আগাম প্রস্তুতি গ্রহণ করছে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে স্বল্প সময়ের মধ্যে নতুন নীতিমালাও প্রণয়ন করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত কোনোভাবেই জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে না; বরং প্রতিটি প্রতিষ্ঠানের প্রয়োজন ও আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এছাড়া সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো কার্বন নিঃসরণ কমিয়ে ‘কার্বন ক্রেডিট’ অর্জনের সুযোগ পাবে বলেও তিনি উল্লেখ করেন।






















