শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই কেবল একটি উন্নত ও আলোকিত আগামীর বাংলাদেশ গড়তে সক্ষম। এজন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিকে (নায়েম) অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সোমবার রাজধানীর ধানমন্ডিতে নায়েম মিলনায়তনে ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে’র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় পুরো শিক্ষাব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এআই-এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা না গেলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই শিক্ষক প্রশিক্ষণের সিলেবাসেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টি গুরুত্বের সঙ্গে যুক্ত করতে হবে। এছাড়া যেসব শিক্ষক এখনও প্রয়োজনীয় প্রশিক্ষণের বাইরে রয়েছেন, তাদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনার ওপর তিনি জোর দেন।
অন্যান্য পেশার সঙ্গে তুলনা টেনে তিনি জানান, বিসিএস ক্যাডার কিংবা সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরিতে যোগদানের পরপরই বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। অথচ শিক্ষকদের ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক ওরিয়েন্টেশন ছাড়াই সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে হয়। উচ্চশিক্ষার মান প্রসঙ্গে তিনি বলেন, কেবল মাধ্যমিক স্তর নিয়ে আলোচনা সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার মানও গভীরভাবে খতিয়ে দেখতে হবে। অনুষ্ঠান শেষে মন্ত্রী সেরা কৃতিত্ব অর্জনকারী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

























