দেশে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার সম্মতি রয়েছে।
রবিবার বেলা ১১টায় বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এই এক্সপোর আয়োজন করছে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ জানান, এক্সপোর মূল প্রতিপাদ্য হলো ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। দেশের ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিই এই আয়োজনের প্রধান লক্ষ্য।
লিখিত বক্তব্যে বিদ্যুৎ সচিব আরও বলেন, সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণে সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬ জারি এবং ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ।
এছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থার আওতায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মিরানা মাহরুখ উল্লেখ করেন, সৌরবিদ্যুৎ ও ব্যাটারিসংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি এসব পণ্যের ওপর মূল্য সংযোজন কর (মূসক) পুরোপুরি মওকুফ করা হয়েছে।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিনিয়োগ ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) মডেল উৎসাহিত করা হচ্ছে। এই ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব মূলধন বিনিয়োগ করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে না।
দুই দিনব্যাপী এই এক্সপোতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে সৌর প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, উন্নত ব্যাটারি সংরক্ষণব্যবস্থা এবং বিভিন্ন আধুনিক সৌর সরঞ্জাম।
পাশাপাশি প্রকল্পে অর্থায়ন, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা দিতে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই আয়োজনে অংশ নেবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এক্সপোর অংশ হিসেবে ‘পলিসি, পিপল অ্যান্ড ক্যাপিটাল’ বিষয়ক বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা হবে।






















