ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা (ই-রিকশা) নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। এ লক্ষ্যে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। প্রাথমিক পর্যায়ে চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হয়নি। একই সঙ্গে রাজধানীতে রিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে মোট আটটি জোনে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা-২০২৬’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, নতুন বিধিমালা জারির পর চালকদের অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যায়ক্রমে নিয়ম মেনে সব বৈধ ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে এবং অবৈধ রিকশাগুলো রাস্তা থেকে অপসারণ করা হবে। এ শৃঙ্খলা প্রতিষ্ঠায় কিছুটা সময় ও সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকার দুই সিটিতে চারটি করে মোট আটটি জোন থাকবে এবং প্রতিটি জোনের রিকশার জন্য নির্ধারিত থাকবে ভিন্ন ভিন্ন রং। ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশনের সমন্বয়ে নির্ধারিত হবে কোন জোনে কতটি রিকশা চলাচল করবে। এক জোনের নিবন্ধিত রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। এছাড়া প্রধান প্রধান বাস রুটে এসব রিকশা চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। নিবন্ধন ফির পাশাপাশি প্লেট বাবদ চালকদের আরও ১ হাজার টাকা প্রদান করতে হবে।






















