অধ্যাপক ড. শামীমা সুলতানা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
রোববার বেলা তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, কমিশনের অন্যান্য সদস্য, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
সম্প্রতি পিএসসির দুজন সদস্য পদত্যাগ করেন। গত ১৫ অক্টোবর সাবেক সচিব মো. মহিউদ্দিন এবং ১৭ অক্টোবর বুয়েটের অধ্যাপক এম সোহেল রহমান রাষ্ট্রপতি বরাবর তাদের পদত্যাগপত্র জমা দেন, যা রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়।
দুই সদস্যের পদত্যাগের পর ২০ সদস্যের পিএসসিতে সদস্য সংখ্যা কমে ১৮ জনে দাঁড়িয়েছিল। অধ্যাপক শামীমা সুলতানার নিয়োগের ফলে কমিশনে সদস্য সংখ্যা এখন ১৯ জনে উন্নীত হলো।
এর আগে গত আগস্টে প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়ে দেন। পরবর্তীতে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।






















