মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। শনিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলতে দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে সংগঠনটি এই আহ্বান জানায়।
রবিবার এক বিবৃতিতে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ উল্লেখ করেন, সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকারের অংশ। তবে, এই মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত একজন ব্যক্তি হিসেবে রাশেদ খাঁনের বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রত্যাশিত। একইসঙ্গে, সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করাও অপরিহার্য।
সম্পাদক পরিষদ সংশ্লিষ্ট সবার প্রতি উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।






















