ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট জালিয়াতি, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে দলটির প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদেও এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।
রোববার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি সরকারের সমালোচনা করে এটিএম আজহার বলেন, ভোটের দিন ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার নজির বিএনপি সৃষ্টি করেছে। বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের সামনে মাইকিং করে ধানের শীষে ভোট চাওয়া হলেও কমিশন নির্বাচনে সন্তুষ্ট থাকার কথা বলছে।
বিএনপিকে ‘জাতির জন্য আপদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, দলটি মুখে এক কথা বললেও কাজে তার বিপরীতটি করছে। নির্বাচনের আগে গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে সংবিধানের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোন সংবিধানের ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তা দলটিকে স্পষ্ট করতে হবে।
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, বিএনপি বিগত ফ্যাসিস্ট সরকারের কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করছে বলেই রাষ্ট্র সংস্কার করছে না। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণ শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তন নয়, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন চেয়েছিল। কিন্তু ক্ষমতার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় কাঠামো ও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন সংসদ অধিবেশনের আগেই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ চলমান রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এ নেতা। তিনি বলেন, সরকার সহযোগিতা চাইলে দেশ গঠনে বিরোধী দল প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম অভিযোগ করেন, নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপি প্রশাসনকে ব্যবহার করে ভোট জালিয়াতি করেছে।


























