মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে সরকার ঘোষিত ২২ দিনের বিশেষ নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে মাছ শিকারের অপরাধে চাঁদপুরে মোট ৬৪৬ জন জেলেকে আটক করেছে যৌথ টাস্কফোর্স ও নৌ পুলিশ। আটককৃতদের মধ্যে টাস্কফোর্সের পরিচালনায় ১৮৩ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৩ লাখ ৯৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে নৌ পুলিশের অভিযানে আটক ৪৬৩ জনের মধ্যে ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয় এবং অবশিষ্ট ৩৪৩ জন জেলের বিরুদ্ধে নিয়মিত আইনি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলা মৎস্য দপ্তর ও চাঁদপুর নৌ পুলিশ থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এবং চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেনের তথ্যানুযায়ী, গত ৮ অক্টোবর মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর ৭০ কিলোমিটার বিস্তৃত নদীতে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট ৪.০৭৩ টন জব্দ করা ইলিশ দুস্থ মানুষ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। একই সাথে উদ্ধার করা প্রায় ৪৩ লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৭৭টি মাছ ধরার নৌকা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাত ১২টার পর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় জেলার নিবন্ধিত প্রায় ৪৪ হাজার জেলে পূর্ণ উদ্যামে পুনরায় নদীতে মাছ ধরতে নেমেছেন।

























