ফুটপাত ও রাস্তা দখলের পক্ষে যতই যুক্তি বা অজুহাত দেখানো হোক না কেন, কোনো অবস্থাতেই রাজপথে হকার বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বৃহস্পতিবার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত পরিচালিত উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অভিযানকালে মূল রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মালামাল জব্দ করা হয়। এর মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সম্পূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, নগরবাসীর স্বার্থে ততবারই অভিযান চালানো হবে। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দসহ প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।
হকারদের পুনর্বাসনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রশাসক গণমাধ্যমকে অনুরোধ জানিয়ে বলেন, এমন কোনো প্রশ্ন করা উচিত নয় যা অবৈধ দখলদারদের উৎসাহিত করে। সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একা নিতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ঢাকাকে বাঁচাতে হলে নিয়ম শৃঙ্খলার কোনো বিকল্প নেই। প্রশাসক এ সময় নগরবাসীর স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।






















