কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিন সদস্যের জানাজা ও দাফন নারায়ণগঞ্জের ফতুল্লায় সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর ফতুল্লার বায়তুল নাজাত জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাঁদের সমাহিত করা হয়।
নিহতরা হলেন—ফারিহা কবির (৩৩), তাঁর ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস তেহামি (২৬) এবং ফারিহার সাড়ে ছয় বছর বয়সী সন্তান ফাইজান নূর। একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে এবং স্বজনদের মধ্যে চলছে কান্নার রোল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর পরিবারের সদস্যদের নিয়ে অবকাশ যাপনে কক্সবাজারে যান তাঁরা। নির্ধারিত সূচি অনুযায়ী ১৭ অক্টোবর সকালে তাঁদের ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে ৭টার দিকে আকস্মিকভাবে রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের কয়েকজন জানালা ভেঙে বের হতে পারলেও ফারিহা, নাফিস ও শিশু ফাইজান ভেতরে আটকা পড়ে প্রাণ হারান। জরুরি কাজে ফারিহার স্বামী আগের রাতে ঢাকায় চলে আসায় তিনি প্রাণে বেঁচে যান।
এদিকে অগ্নিকাণ্ডের এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বে চরম অবহেলা ও যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। তাঁদের মতে, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা থাকলে এমন মর্মান্তিক ট্র্যাজেডি এড়ানো সম্ভব হতো।






















