দেশে বেসরকারি স্বাস্থ্যসেবার অনেক উন্নতি হলেও মানসিক আশ্বস্ততার কারণেই কিছু রোগী চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দেন বলে মনে করেন ডা. এ বি এম হারুন। একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, খরচ ও সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এ মতামত জানান।
তিনি উল্লেখ করেন, নব্বইয়ের দশকে বাংলাদেশে বিশ্বমানের সেবা অপ্রতুল থাকায় রোগীরা ভারতে বা অন্যান্য দেশে যেতেন। তবে বর্তমানে ক্যানসার, হৃদরোগ, কিডনি বা লিভারের জটিল চিকিৎসা দেশেই সফলভাবে হচ্ছে এবং তা বিদেশের তুলনায় অনেক কম খরচে সম্ভব। রোগীদের মনোভাবের পরিবর্তনের কারণে এখন আর তুচ্ছ কারণে বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে না।
চিকিৎসাব্যয় প্রসঙ্গে তিনি জানান, হাসপাতাল পরিচালনায় ব্যবহার্য বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য ইউটিলিটি বিল বাণিজ্যিক হারে পরিশোধ করতে হয়। এ ছাড়া চিকিৎসা সরঞ্জামের ওপর সরকারের আরোপিত কর ও শুল্কের কারণে সেবামূল্য সমন্বয় করতে বাধ্য হতে হয়। তিনি হাসপাতাল কর্মী ও চিকিৎসকদের আচরণগত দিক উন্নত করার ওপর জোর দেন, যাতে রোগীরা মানসিকভাবে সেবা গ্রহণে স্বাচ্ছন্দ্যবোধ করেন।


























