লা লিগায় সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে শেষ সময়ে পেনাল্টি থেকে গোল করে ক্যালেন্ডার বছরে ৫৯ গোলের ক্লাব রেকর্ডে পৌঁছেছেন কিলিয়ান এমবাপ্পে। এই কীর্তির মাধ্যমে তিনি রিয়াল মাদ্রিদে এক বছরে সর্বোচ্চ গোলের ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডের সঙ্গে সমতা আনলেন। নিজের ২৭তম জন্মদিনে এমন অর্জনে বিশেষভাবে স্মরণীয় হয়ে রইল ফরাসি ফরোয়ার্ডের রাতটি।
শনিবার মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে এমবাপ্পে এর আগে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেও ম্যাচের শেষ চার মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে ভুল করেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৫ সালে ৫৯ ম্যাচে ৫৯তম গোলটি করে তিনি রোনালদোর ২০১৩ সালের রেকর্ড ছুঁয়ে ফেলেন।
ম্যাচের প্রথমার্ধে জুড বেলিংহামর হেডে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে সেভিয়ার ডিফেন্ডার মার্কাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় অতিথি দল। এরপরও রিয়ালকে লিড ধরে রাখতে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করতে হয় গোলরক্ষক থিবো কুর্তোয়াকে।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, প্রথম মৌসুমেই রিয়াল মাদ্রিদে রোনালদোর মতো কীর্তিতে পৌঁছানো তার জন্য অবিশ্বাস্য অভিজ্ঞতা। তিনি রোনালদোকে ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করে এটিকে নিজের জন্য বড় সম্মান বলে জানান।
এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদ ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে এক পয়েন্ট পিছিয়ে। সেভিয়া আছে নয় নম্বরে। কোচ জাবি আলোনসোর দল নভেম্বরের ধারাবাহিক ড্রয়ের পর বছর শেষ করল টানা তিন জয়ে।
ম্যাচে এমবাপ্পে হেডে ক্রসবারে বল মারেন, আবার কয়েকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে গোল করে তিনি নিজের চেনা উদ্যাপনের বদলে রোনালদোর বিখ্যাত সেলিব্রেশন করে সাবেক এই তারকার প্রতি সম্মান জানান। পরে ভিএআর পর্যালোচনায় আরেকটি পেনাল্টি বাতিল হলে দ্বিতীয় গোলের সুযোগ হাতছাড়া হয়, তবে রেকর্ডে ভাগ বসিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফরাসি তারকাকে।
















