পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মেহগনি গাছ কাটতে গিয়ে নিচে চাপা পড়ে রুবেল জোমাদ্দার (২৮) নামের এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা দ্বিতীয় খণ্ড গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল জোমাদ্দার ওই গ্রামেরই বজলু জোমাদ্দারের ছেলে এবং তিনি মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের বাগানে বাবার সঙ্গে গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছটির নিচে চাপা পড়েন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিকে তাঁর এই অকালমৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ও নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।






















