জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে।
এর আগে গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হওয়ার পর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিল। এই মামলায় মাহবুবুল আলম হানিফ ছাড়াও অন্য তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
আসামিদের বিরুদ্ধে আন্দোলন দমনে ছাত্রলীগকে ব্যবহারের ক্ষেত্রে উসকানিমূলক বক্তব্য দেওয়া, কুষ্টিয়ায় গোপন বৈঠক করে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ ও ষড়যন্ত্র করা এবং ছয়জন আন্দোলনকারীকে নির্মমভাবে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মামলার বিচারপ্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়েছিল।


























