উচ্চশিক্ষার প্রতিটি ধাপে স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ব্যবস্থা চালুর অংশ হিসেবে ‘ইউএপি ওয়ানকার্ড’ বা বহুমুখী স্মার্ট কার্ডের আনুষ্ঠানিক শুভসূচনা করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি সহায়তাকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রবর্তিত এই সেবার মাধ্যমে শিক্ষার্থীদের পরিচয়পত্র, ডিজিটাল পেমেন্ট এবং প্রাতিষ্ঠানিক নথি ব্যবস্থাপনা এখন একটি একক প্ল্যাটফর্মে যুক্ত হলো।
বিশ্ববিদ্যালয়ের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়। নতুন এই ব্যবস্থার আওতায় ফিজিক্যাল স্মার্ট কার্ডের পাশাপাশি থাকছে কয়েকটি বিশেষ ডিজিটাল অ্যাপ ও সিকিউরড প্ল্যাটফর্ম, যার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে ক্যাশলেস লেনদেন এবং একাডেমিক সার্টিফিকেটসহ যাবতীয় নথিপত্র নিরাপদে সংরক্ষণ ও যাচাই করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (জনপ্রশাসন মন্ত্রণালয়) মো. ইসমাইল জাবিউল্লাহ বলেন, উচ্চশিক্ষার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির এই ব্যবহার বিশ্ববিদ্যালয়কে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে এই আধুনিক প্রযুক্তি ব্যবস্থার বিভিন্ন দিক ঘুরে দেখেন।






















