কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে চার ও পাঁচ বছর বয়সি দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু হলো—বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছোট ছেলে আবদুর রহমান (৪) এবং তার ভাই বাহরাইন প্রবাসী জুয়েলের একমাত্র ছেলে মো. জোবায়ের (৫)। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল ওই দুই শিশু। খেলার কোনো একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পশ্চিম পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর শিশুদের পানিতে ভাসতে দেখে পরিবারের নারীরা চিৎকার শুরু করেন। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাগমারা বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। দুই সন্তানকে হারিয়ে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একই পরিবারের দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শোকার্ত পরিবার ও প্রতিবেশীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।






















