সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো মানুষকে জাগিয়ে তোলা এবং তরুণদের মধ্যে থাকা অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগানোর উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী আয়োজিত এক চাকরি মেলা (জব ফেয়ার) উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বেকারত্ব থেকে দূরে রেখে কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে।
মফস্বল অঞ্চলের শিক্ষিত বেকার যুবসমাজের ভোগান্তি কমাতে দেশের শীর্ষস্থানীয় ৮০টি স্বনামধন্য প্রতিষ্ঠানকে স্থানীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে প্রার্থীরা সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। যুবসমাজকে স্বাবলম্বী করতে এবং প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধিতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। বিরামপুর জব ফেয়ার কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






















