সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এই তাগিদ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিসচার মহাসচিব লিটন এরশাদ।
বৈঠকের শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় বলেন, সংগঠনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের যে উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানাই। ২০২৭ সালের মধ্যেই এই আইন বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, নিসচার ইতিহাস কোনো একক ব্যক্তির নয়, বরং এটি স্বজন হারানো মানুষের সম্মিলিত আন্দোলনের ফল। আন্দোলনের দীর্ঘ তিন দশকের পথচলা তুলে ধরে তিনি তথ্য ও সত্যের ভিত্তিতে কথা বলার আহ্বান জানান।






















