প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে উভয় নেতার মধ্যে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পায়নের লক্ষ্য অর্জনে জাপানের সরকারি ও বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা অর্থনীতিতে পরিণত হওয়ার পথে রয়েছে এবং ২০৩৪ সালের মধ্যে দেশের জিডিপি এক ট্রিলিয়ন ডলার ছাড়াতে পারে।
দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের গুরুত্ব তুলে ধরে তিনি জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।






















